Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৮:৫২ পিএম  (ভিজিটর : ৯)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এইসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তানজিল কবির।

সোমবার (২৭ জুলাই ২০২৬) উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজ আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মো. মনিরুল ইসলাম। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানিখার এমদাদুল বারী মাদ্রাসার শিক্ষক।

উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার সকালে পৌর শহরে অবস্থিত কসবা মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে ৩০১ নং কক্ষে পাঁচজন শিক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ উঠে রানিখার এমদাদুল বারী মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে সেন্টারে বসানো সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা প্রশাসন।

শিক্ষার্থীদের নকল সরবরাহের সত্যতা প্রমাণিত হওয়ায় শিক্ষক মনিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির। পাশাপাশি শিক্ষকের সহায়তায় নকল করার দায়ে ওই পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং ৩০১ নং কক্ষে দায়িত্বরত আড়াইবাড়ী কামিল মাদ্রাসা দুই শিক্ষক আফসানা আক্তার ও মো. বাকি বিল্লাহকে আলিম পরীক্ষা চলাকালীন সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা আমিনুল ইসলাম জানান, কসবা মহিলা কলেজে আলিম পরীক্ষা কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নকল সরবরাহ করার দায়ে মনিরুল ইসলাম নামে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। আড়াইবাড়ী মাদ্রাসার দুই শিক্ষককে সব দায়িত্ব থেকে অব্যাহতি ও পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ৩০১ নং কক্ষে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ উঠে। বিষয়টি সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত রানিখার এমদাদুল বারী মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, ওই কক্ষে দায়িত্বরত আড়াইবাড়ী মাদ্রাসার দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সরবরাহকৃত নকল করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝