ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১০ বছর বয়সী শিশু মোছা. ময়না হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টায় শাহবাজপুর বাজারে নিহত ময়নার স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এক বছর আগে রাজ্জাক মিয়ার ১০ বছর বয়সী কন্যা মোছা. ময়নাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় এবং তার মরদেহ একটি মসজিদের ছাদের ওপর ফেলে রাখা হয়। কিন্তু দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এতে নিহতের পরিবার চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত ময়নার মা লিপা আক্তার, কাউসার মিয়া, সেলিম মিয়া ও নোমান ভূঁইয়া। বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দ্রুত বিচার নিশ্চিত হলে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এফপি/ফ