মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ২ লাখ টাকা শুভেচ্ছা অনুদান প্রদান এবং জেলা পরিষদের মাধ্যমে ১০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। একই সঙ্গে প্রেসক্লাবের জন্য প্রস্তাবিত জমি বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলেও জানান তিনি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে জেলা প্রশাসক প্রেসক্লাবের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন এবং এর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
সভার শুরুতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা ফুল দিয়ে জেলা প্রশাসককে স্বাগত জানান।
মতবিনিময় সভায় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, জেলার উন্নয়ন কার্যক্রম এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা প্রেসক্লাবের স্থায়ী অবকাঠামো নির্মাণ, নিজস্ব জমি বরাদ্দ এবং জেলার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জবাবে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “জেলার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একে অপরের সহযোগী। উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই। প্রেসক্লাবের উন্নয়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার এবং জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
এফপি/র