Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

শিক্ষার্থীদের যাতায়াতে দুই শিক্ষা প্রতিষ্ঠানে লেগুনা উপহার

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম  (ভিজিটর : ৭)

শিক্ষার্থীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে সিলেটের বালাগঞ্জ উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান—নর্থইস্ট বালাগঞ্জ কলেজ এবং গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিকে একটি লেগুনা গাড়ি উপহার দিয়েছেন প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মতিন মাখন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে নর্থইস্ট বালাগঞ্জ কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেগুনা গাড়ির যাতায়াত কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক।

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি ও নর্থইস্ট বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা এবং লেগুনা গাড়ির দাতা আব্দুল মতিন মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষার্থী ছানজানা কবির নাবিলা ও হাফিজা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেন, নর্থইস্ট বালাগঞ্জ কলেজ ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠা ও উন্নয়নে শুরু থেকেই যারা অবদান রেখেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিক্ষার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান দুটির অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করা হবে।

এ সময় কলেজের একাডেমিক ভবনের সংযোগ সড়ক দ্রুত পাকাকরণের জন্য উপজেলা এলজিইডির প্রকৌশলী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

সংসদ সদস্য আরও জানান, শিগগিরই সিলেট–সুলতানপুর–বালাগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে। এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে সরকারি উদ্যোগে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। শিক্ষা, যোগাযোগ, ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বালাগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি উৎপল চক্রবর্তী, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, একাডেমির প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসি, প্রভাষক বিকাশ সূত্রধর এবং কলেজ প্রতিনিধি এমদাদুর রহমান জাকির।

অনুষ্ঠানে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝