Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

ভাইয়ের হাতে ভাই খুন, হত্যা মামলায় মা গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:২৫ পিএম  (ভিজিটর : ৩৯)

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দায়ের করা হত্যা মামলায় নিহতের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার আরও এক আসামিকেও আটক করা হয়েছে। তবে হত্যার মূল অভিযুক্ত ছোট ভাই এখনও পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা ঘোষখীল এলাকার আছাদ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. নেজাম উদ্দিন (৩৮) ওই এলাকার মৃত আবদুল হালিমের বড় ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমন কোদাল দিয়ে বড় ভাই নেজাম উদ্দিনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দেবর মো. জামাল উদ্দিন সুমনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শাশুড়ি হালিমা বেগম (৭০) এবং দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপি (২৬)-কেও আসামি করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মামলার পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝