দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আলোকায়নকে অগ্রাধিকার দিয়ে প্রণীত এ বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। ফলে রাজস্ব খাতে ৯ লাখ ৩৩ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, “এটি পৌরবাসীর সার্বিক সেবার মান উন্নয়ন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলার বাজেট। এ বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এফপি/র