পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা ও এর আওতাধীন সরকারি স্থাপনায় শতভাগ রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে পৌরসভা চত্বরে প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (সিএলইএএণ) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাবলিউজিইডি) এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পরিবেশকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা অংশগ্রহন করেন।
পরে পৌর প্রশাসকের পক্ষে পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমল মুখার্জি। বক্তব্য দেন সাংবাদিক মেজবাহউদ্দিন মান্নু, নজরুল ইসলাম, নুরুল হক, নাজমুস সাকিব, মো. হাবিবুর রহমান ও সাইফুল্লাহ মাহমুদ।
এসময় বক্তারা বলেন, পৌরসভার বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, ওয়াকওয়ে ও সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় কমবে, পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়বে এবং নেট মিটারিংয়ের মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে পৌরসভা আয় করতে পারবে। একই সঙ্গে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এফপি/ফ