Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে থানার নাকের ডগায় দোকানের তালা কেটে চুরি

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম  (ভিজিটর : ৫)

পিরোজপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে এবং সদর থানার ঠিক বিপরীত পাশে অবস্থিত ‘সিনান ট্রেডার্স গ্যাস ও ইলেকট্রনিক্স’ নামক এক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। থানার মতো সুরক্ষিত স্থানের অতি কাছেই এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে প্রতিদিনের মতো দোকানের কর্মচারী প্রতিষ্ঠানটি খুলতে গিয়ে দেখেন মূল শাটারের হুক ও তালা কাটা অবস্থায় ঝুলছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি প্রতিষ্ঠানের মালিক ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মেহেদী হাসানকে জানান।

খবর পেয়ে মালিক ঘটনাস্থলে পৌঁছে ভেতরে প্রবেশ করে দেখতে পান ভেতরের সমস্ত মালামাল তছনছ হয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। চোরচক্র ক্যাশবাক্সে থাকা নগদ টাকাসহ প্রচুর মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী সাবাড় করে নিয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে খোয়া যাওয়া অর্থ ও মালামালের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

থানার একদম সামনে এমন সাহসী ও দুঃসাহসিক চুরির খবর পেয়ে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে ক্ষুব্ধ দোকান মালিক মেহেদী হাসান বলেন, “থানার একদম সামনে যদি আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষিত না থাকে, তবে আমরা সাধারণ ব্যবসায়ীরা কোথায় গিয়ে দাঁড়াব? প্রশাসনের কাছে দাবি—অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হোক।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝