Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় চালক সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৫৫ পিএম  (ভিজিটর : ৩০)

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে গণপরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। জেলা পরিবহন মালিক সমিতির সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন, জে আর পরিবহন, চুয়াডাঙ্গা ডিলাক্স, দর্শনা ডিলাক্স, গোল্ডেন লাইন, জননী, নদীয়া, সাথী পরিবহন, রেখা পরিবহন, মামুন পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, নিউ মর্ডাণ পরিবহন, সৌদিয়া পরিবহন এবং বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হচ্ছে।

পরীক্ষায় কোনো চালক, সুপারভাইজার বা হেলপারের মাদকসেবনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুতিসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশ দূরপাল্লার গণপরিবহনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময় পরপর বাধ্যতামূলকভাবে চালক পরিবর্তন, পর্যাপ্ত বিশ্রাম ছাড়া দীর্ঘ সময় একটানা গাড়ি চালাতে না দেওয়া, চালকের শারীরিক ও মানসিক সক্ষমতা নিশ্চিত করে যানবাহন পরিচালনার অনুমতি প্রদান, মাদকাসক্ত, অসুস্থ বা ক্লান্ত অবস্থায় কোনো চালককে গাড়ি চালাতে না দেওয়া, অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিং পরিহার করে ট্রাফিক আইন মেনে চলা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়মিত তদারকির মাধ্যমে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদকাসক্ত অবস্থায় যানবাহন পরিচালনা জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়ক নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিয়মিত ডোপ টেস্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবহন খাতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত রাখবে। আমরা চাই প্রতিটি চালক মাদকমুক্ত, সুস্থ ও দায়িত্বশীল থেকে যানবাহন পরিচালনা করুন। পরিবহন মালিক, শ্রমিক, চালক, সুপারভাইজার ও হেলপারসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

জেলা পুলিশ সকল পরিবহন মালিক, শ্রমিক, চালক, সুপারভাইজার ও হেলপারদের মাদকমুক্ত থেকে দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝