রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গোয়ালন্দ থেকে ইজি বাইক ছিনতায়ের ঘটনা ঘটে। গত ২২ জুলাই ক্ষতিকর বা নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে ইজি বাইক ছিনতায় করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। এরপর গোয়ালন্দ ঘাট থানায় ২৬ জুলাই ইজি বাইক চুরি মামলা দায়ের করে। দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং গোয়ালন্দ ঘাট থানার পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা মোড় এলাকায় অভিযান চালানো হয়।
এ অভিযানে গ্রেফতার হন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হিজলাকর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং একই উপজেলার কান্দাবাড়ী গ্রামের বাসিন্দা মো. শিপন শেখ (২৮)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই আসামি স্বীকার করেছেন যে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রটি চালকদের পানীয় বা বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অজ্ঞান করার পর তাদের অটোরিকশা ও ইজিবাইক ছিনিয়ে নিত।
পুলিশ আরও জানায়, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনিয়ে নেওয়া অটোরিকশা ও ইজিবাইক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে ছিনতাই হওয়া যানবাহন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এফপি/ফ