Dhaka, Saturday | 25 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 July 2026 | English
শিরোনাম:

পটুয়াখালীতে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ নয় যেন ডোবা

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:০০ পিএম  (ভিজিটর : ৭)

বাউফল উপজেলার কালিশুরি ইউপির রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ নয় যেন ডোবা।

মাঠটি দীর্ঘ সময় পানিতে  নিমজ্জিত হয়ে রয়েছে। মাঠজুড়ে জমে থাকা পানি ও আগাছায় এটি এখন অনেকটা জলাশয়ের রূপ নিয়েছে। ফলে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী খেলাধুলা, শারীরিক শিক্ষা এবং কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয়  সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টিপাত হলেই মাঠে পানি জমে যায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সেই পানি দীর্ঘ সময় ধরে মাঠে আটকে থাকে। এতে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাত  বলেন, “মাঠে দীর্ঘদিন পানি জমে থাকায় আমরা খেলাধুলা করতে পারি না। টিফিনের সময়ও মাঠ ব্যবহার করা সম্ভব হয় না। এতে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

নবম শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন বলেন, “বর্ষা মৌসুমে মাঠের অবস্থা আরও খারাপ হয়ে যায়। পানি ও আগাছায় মাঠ ভরে থাকে। দ্রুত জলাবদ্ধতা দূর করে মাঠটি খেলার উপযোগী করার দাবি জানাই।”

শুধু শিক্ষার্থীরাই নয়, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও।

অভিভাবক মো. রহিম হাওলাদার  বলেন, “খেলার মাঠ না থাকায় শিশুরা দিন দিন মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। এতে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে মাঠটি জলাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

এদিকে দ্রুত মাঠ সংস্কার, স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা স্থাপন এবং মাঠের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে সোচ্চার হয়েছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। তাদের মতে, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় মাঠের পরিবেশও নষ্ট হচ্ছে।

সংশ্লিষ্টদের দাবি, মাঠের জলাবদ্ধতা দূর করে প্রয়োজনীয় ভরাটকরণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হলে শিক্ষার্থীরা নিরাপদ ও সুন্দর পরিবেশে খেলাধুলা, শারীরিক শিক্ষা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা এবং শারীরিক-মানসিক বিকাশ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মো. আসরাফুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, “মাঠের জলাবদ্ধতার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। পানি নিষ্কাশন ও মাঠ সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা আবার স্বাভাবিকভাবে খেলাধুলা ও অন্যান্য কার্যক্রমে অংশ নিতে পারবে।”

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝