কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আটজনকে নদীপথে সাঁতার কাটিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
পুশইনের চেষ্টার শিকার ওই আটজনের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন।
বিজিবির টহল দল বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই আটজন নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীটি।
এফপি/র