খুলনার বটিয়াঘাটা উপজেলায় জবাইকরা লাশের পরিচয় সনাক্ত হয়েছে। তার নাম সজীব হাওলাদার ওরফে রাজন। সে পেশায় একজন ইজিবাইক চালক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এ ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার হওয়া রিয়াজুল ইসলাম রাজ নামের এক যুবক আজ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।
জানতে চাইলে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, গতকাল বুধবার রাতেই রিয়াজুল ইসলাম রাজকে নিরালা পুলিশ ফাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সে নিহত রাজনের নিকটতম আত্মীয়।
ওসি বলেন, এই হত্যাকান্ডের সাথে চার জন সরাসরি জড়িত থাকার খবর পাওয়া গেছে। কোদাল দিয়ে মাথায় আঘাত করে রাজনকে হত্যা করার পর তার ইজিবাইকের ব্যাটারি খুলে নিয়ে অন্যত্র বিক্রি করে দেয়।
এদিকে গ্রেপ্তার হওয়া রিয়াজুল ইসলাম রাজকে আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক অপূর্ব বালার আদালতে হাজির করা হলে সন্ধ্যায় সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা এলাকার শাহাবড়ি রোডের সৈকত ম্যানশনের নীচতলায় দেখা যায় ইজিবাইক চালক সজীব হাওলাদার ওরফে রাজনকে একনজর দেখার জন্য এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় করছে। তারা সকলে হত্যাকারীদের ফাঁসি চান।
এদিকে পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় মা শাহীদা বেগম। দেড় বছরের শিশু সন্তানকে কোলে বসিয়ে সন্তানের লাশের পাশে বসে অঝরে কাঁদছিলেন তিনি। তার চোখের পানি পড়তে দেখে উপস্থিত অন্যান্যরা তাদের চোখের পানি আটকিয়ে রাখতে পারেনি।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা আশিক সড়কের একটি প্লট হতে ইজিবাইক চালক সজীব হাওলাদার রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সজীব পেশায় একজন ইজিবাইক চালক। তার ইজিবাইক ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।
সজীবের মা শাহীদা বেগম বলেন, ২০ জুলাই ময়লাপোতা এলাকায় শ্বশুর বাড়িতে যায় রাজন। পরের দিন (২১ জুলাই) সকালে ইজিবাইক চালনোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে ফোন করে কোথাও খুঁজের পায়নি আমরা। ওই দিনগত রাতে ছেলের সন্ধানে আমরা থানায় যাই।
এ হত্যাকান্ড সম্পর্কে নিহতের স্ত্রী রূপা বলেন, “২০ জুলাই রাতে রাজ শিকদার নামে এক যুবক সজীবকে ফোন দেয়। উত্তরে জানানো হয় এত রাতে বাড়ি থেকে বের হওয়া যাবে না। সকালে দেখা হবে। ২১ জুলাই ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। বুধবার রাতে তার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারলাম। তারা শুধু আমার স্বামীকে মারেনি একটা পরিবারকে পথে বসিয়ে দিয়েছে হত্যাকারীরা। স্বামীর হত্যার বিচার চান তিনি।
এফপি/ফ