শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, গুজব ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নালিতাবাড়ী থানার উদ্যোগে ইউনিয়নের গোজাকুড়া নতুন কবরস্থান ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজামুল ইসলাম, বিট কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম, মরিচপুরান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক এ এইচ এম শহীদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল রানা বাচ্চু এবং উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ তালুকদারসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
বক্তারা মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত জনসাধারণ এলাকার বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
এফপি/ফ