ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বছর ধরে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সরাইল থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামি এবং এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত আসামি হলেন শাহজাদাপুর গ্রামের মৃত ফরিদ খাঁদেমের ছেলে মোরশেদ খাঁদেম। তিনি একটি প্রতারণা মামলায় (সিআর-৮৯/১৩, দণ্ডবিধির ৪২০ ধারা) তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে প্রায় ১০ বছর ধরে পলাতক ছিলেন।
এছাড়া গ্রেপ্তার হওয়া ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন কালিকচ্ছ (বর্ডার বাজার) এলাকার হোসেন মিয়া (৪০), কালিকচ্ছ মনিরবাগ এলাকার হেলাল মিয়া (৩২) এবং পশ্চিম কুট্টাপাড়া এলাকার রাসেল মিয়া। তাদের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
সরাইল থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ফ