সাতক্ষীরা সদরের মাগুরা-কৈখালী বিলের একটি মৎস্যঘের থেকে সুমন (৩৫) নামে এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। পেশায় তিনি একজন গাড়িচালক ছিলেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নম্বর লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেন মোমিনের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন বলে জামায়াতে ইসলামীর নেতারা দাবি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী নিজের মৎস্যঘেরের টংঘরের আলো নেভাতে গিয়ে ঘেরের পানিতে এক যুবকের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে খবর দেন। স্থানীয়রা এসে মরদেহটি সুমনের বলে শনাক্ত করেন।
ঘটনাস্থল থেকে লোহা কাটার দুটি ব্লেড, একটি বাটন ফোন, একটি সিগারেটের প্যাকেট এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, সুমনের মৃত্যু রহস্যজনক। তাঁদের ধারণা, সংঘবদ্ধ একটি চক্র পল্লী বিদ্যুতের তার চুরির সময় সুমন বিষয়টি দেখে ফেলায় তাঁকে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে রেখে যায়।
প্রত্যক্ষদর্শী শেখ কামরুল ইসলাম জানান, ফজরের নামাজের পর কেসমত আলী মাছ ধরতে নিজের ঘেরে গিয়ে পানিতে মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানান এবং সদর থানায় খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এফপি/র