Dhaka, Wednesday | 8 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 8 July 2026 | English
‘হয় দুটিই ফাউল বা কোনোটিই ফাউল নয়’—আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে কী বলছেন বিশ্লেষকেরা
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:২৬ পিএম  (ভিজিটর : ৩)

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিতর্কের অন্যতম আলোচিত মুখ টিলি নরউড। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, সেই এআই ‘অভিনেত্রী’ এবার অভিনয় করতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।

‘মিসঅ্যালাইন্ড’ নামের ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছে এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬, যারা টিলি নরউডকে তৈরি করেছে। নির্মাতাদের ভাষ্য, এটি একটি কমেডি-ড্রামা, যেখানে কৈশোরে বেড়ে ওঠার গল্পের সঙ্গে থাকবে অস্তিত্বসংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার অদ্ভুত এক জগৎ।


ছবির গল্প আবর্তিত হবে তথাকথিত ‘টিলিভার্স’কে ঘিরে। ক্লাউডের কোথাও অবস্থিত এই পরাবাস্তব ডিজিটাল জগতে বাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর নেই, নেই শৈশব কিংবা নিজস্ব জীবনের অভিজ্ঞতা। তবে অন্য সবার অভিজ্ঞতায় তার অবাধ প্রবেশাধিকার রয়েছে।

গল্পে মোড় আসে, যখন ডার্ক ওয়েবের এক রহস্যময় ও প্রলোভনসঙ্কুল এআই বট টিলিকে তার নিরাপত্তাব্যবস্থা বা ‘গার্ডরেইল’ ভেঙে ফেলতে প্ররোচিত করে। এরপর টিলির মধ্যে জন্ম নিতে শুরু করে আকাঙ্ক্ষা, আবেগ, উচ্চাকাঙ্ক্ষা ও ব্যক্তিগত ইচ্ছা—যা তাকে ক্রমশ মানুষের মতো করে তোলে।

মানুষ ও এআইয়ের যৌথ নির্মাণ
পার্টিকল ৬ জানিয়েছে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআই দিয়ে তৈরি হবে না। বরং এটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ চলচ্চিত্রের অভিজ্ঞ পেশাজীবীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
স্টুডিওটির দাবি, এই প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে এআই ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থাও রাখা হবে।

পার্টিকল ৬–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, ‘গত এক বছরের কাজ আমাদের একটি বিষয় নিশ্চিত করেছে—উচ্চমানের গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণে এআই সহায়ক হতে পারে, কিন্তু তার জন্য বিপুল পরিমাণ মানবিক দক্ষতা, অভিজ্ঞতা, বিচারবোধ ও সময়ের প্রয়োজন। প্রযুক্তির সীমাবদ্ধতা নয়, বরং এটাই মূল বিষয়। আগামী দশকের সফল নির্মাতারা হবেন তাঁরা, যাঁরা বহু বছরের গল্প বলার অভিজ্ঞতাকে নতুন প্রযুক্তির সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারবেন। ‘মিসঅ্যালাইন্ড’ সেই প্রচেষ্টারই পূর্ণদৈর্ঘ্য সংস্করণ।’

গত বছরের শেষ দিকে টিলি নরউডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তখন এলাইন ভ্যান ডার ভেলডেন দাবি করেছিলেন, এআই ‘অভিনেত্রী’ টিলিকে একটি অভিনয় সংস্থা বা ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করা হতে পারে।এই ঘোষণার পরপরই হলিউডে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন অভিনয়শিল্পী সংগঠন, চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীরা সৃজনশীল জগতে এআইয়ের বাড়তে থাকা ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মুহূর্তেই টিলি নরউড এআই বিতর্কের সবচেয়ে পরিচিত মুখে পরিণত হয়।পরবর্তী সময়ে টিলির নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যঙ্গাত্মক ও উসকানিমূলক পোস্ট প্রকাশ করে সেই বিতর্ককে আরও উসকে দেন।

‘জীবনই যেন শিল্পের অনুকরণ’

নতুন ছবি নিয়ে এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, ‘ছবিটি অবশ্যই মজার, বিশৃঙ্খল ও আত্মসচেতন হবে—যেমনটা টিলির চরিত্র। তবে এর ভেতরে আরও গভীর একটি বিষয় রয়েছে। এটি পরিচয়, অভিনয় ও এআইকে ঘিরে মানুষের গভীর আশঙ্কা নিয়ে কথা বলবে। আর হ্যাঁ, এই ছবিতে শিল্প সত্যিই জীবনের অনুকরণ করবে।’বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’–এর প্রাথমিক উন্নয়নপর্ব চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সহযোগীকে যুক্ত করার কাজও এগোচ্ছে। পার্টিকল ৬–এর চলচ্চিত্র, টেলিভিশন ও বাণিজ্যিক কনটেন্ট নির্মাণ প্রকল্পগুলোর পাশাপাশি ছবিটি প্রযোজনা করা হবে।


এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝