Dhaka, Wednesday | 8 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 8 July 2026 | English
‘হয় দুটিই ফাউল বা কোনোটিই ফাউল নয়’—আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে কী বলছেন বিশ্লেষকেরা
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

কোনো বাধাই তাঁকে আটকাতে পারেনি

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:৩৯ পিএম  (ভিজিটর : ৩)

নতুন প্রজন্মের হলিউড অভিনেত্রীদের মধ্যে দ্রুত পরিচিতি পাওয়া নাম ইন্ডে নাভারেত্তে। সম্প্রতি আলোচনায় এসেছে তাঁর অভিনীত সিনেমা ‘অবসেশন’। প্রথমবারের মতো আইএমডিবিতে রয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পীর তালিকায়।
মাত্র ২৫ বছর বয়সেই অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেছেন এই মার্কিন অভিনেত্রী। ৫ ফুট উচ্চতার ইন্ডে আজ তরুণ দর্শকদের কাছে পরিচিত মুখ হলেও তাঁর পথচলা মোটেও সহজ ছিল না।

ছোট শহর থেকে বড় স্বপ্ন
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় জন্ম নেওয়া এই অভিনেত্রী ছোটবেলা থেকেই অভিনয় ও নৃত্যের প্রতি আগ্রহী ছিলেন। পরিবারে শিল্প-সংস্কৃতির চর্চা থাকলেও পেশাদার অভিনয়ে আসার পথ ছিল অনিশ্চিত। স্কুলজীবনেই নাটক ও পারফর্মিং আর্টসে যুক্ত হন তিনি। অভিনয়ের অনেক কিছুই শিখেছেন ইউটিউবে। বলা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের যুগে বেড়ে উঠেছেন ইন্ডে।

ব্যর্থতা আটকাতে পারেনি
কৈশোরে অভিনয়ের স্বপ্ন নিয়ে অ্যারিজোনার ছোট শহর থেকে চলে আসেন লস অ্যাঞ্জেলেসে। নাটক, সিরিজ, সিনেমা নিয়ে অডিশন দেওয়া শুরু করেন। শুরুতে অসংখ্য অডিশনে একের পর এক ব্যর্থ হয়েছেন। অনেক সময় চূড়ান্ত তালিকায় গিয়েও কাজ পাননি। তবে সেই প্রত্যাখ্যানই তাঁকে আরও শক্তি দিয়েছে, আত্মবিশ্বাস বাড়িয়েছে। তিনি মনে করতেন, মেধা থাকলে কোনো বাধাই তাঁকে আটকাতে পারবে না।

সংগ্রামের সময়
একাধিক সাক্ষাৎকারে ইন্ডে জানিয়েছেন, তিনি লাতিন বংশোদ্ভূত হওয়ার কারণে বাধার মুখে পড়েছেন। ক্যারিয়ারের শুরুতেই তাঁকে নানা ধরনের স্টেরিওটাইপের মুখোমুখি হতে হয়েছে। অনেক চরিত্রের জন্য তাঁকে ‘খুব বেশি লাতিন’ কিংবা ‘যথেষ্ট লাতিন নন’—এমন মন্তব্যও শুনতে হয়েছে। লাতিন বলে বাদও দেওয়া হয়েছে। এমনকি উচ্চতা নিয়েও কথা শুনতে হয়েছে। বয়স কখনো কম, কখনো বেশি বলেও বাদ পড়েছেন। কিন্তু তিনি বিশ্বাস করতেন, প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে এসব সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব। অভিনয়ের পাশাপাশি নাচ ও শারীরিক প্রশিক্ষণ চালিয়ে গেছেন তিনি।

জনপ্রিয়তার শুরু
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে ২০১৮ সালে ইন্ডে প্রথম অভিনয়ে নাম লেখান। পরবর্তী সময়ে টেলিভিশনের কয়েকটি ছোট চরিত্রে অভিনয়ের পর ইন্ডে কিছুটা নজর কাড়েন ‘থার্টিন রিজনস হোয়াই’ সিরিজে ক্রুজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। জনপ্রিয় এই সিরিজ তাঁকে আন্তর্জাতিক দর্শকের সামনে নিয়ে আসে। এরপর তিনি অভিনয় করেন ‘সুপারম্যান অ্যান্ড লোইস’ সিরিজে। সেখানে সারা কুশিং চরিত্রে তাঁর অভিনয় তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিরিজটির মাধ্যমে তিনি সুপারহিরো ঘরানার দর্শকদের কাছেও পরিচিত মুখ হয়ে ওঠেন।

‘অবসেশন’ নিয়ে নতুন আলোচনা
এদিকে হঠাৎ চলচ্চিত্র অঙ্গনে ঝড় তোলে একজন ইউটিউবার নির্মিত সিনেমা ‘অবসেশন’। স্বল্প বাজেটের এই সিনেমা সাম্প্রতিক সময়ে বক্স অফিসে রেকর্ড গড়েছে। সিনেমাটিতে অভিনয়ের কারণে নতুন করে আলোচনায় এসেছেন ইন্ডে। সম্পর্ক, আবেগ ও মানসিক জটিলতাকে কেন্দ্র করে নির্মিত এই প্রকল্পে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। সমালোচকদের মতে, চরিত্রের আবেগগত দ্বন্দ্ব ও ভঙ্গুরতা পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি।

এগিয়ে যাওয়ার পালা
একসময় অডিশনে লাতিন বলে বাদ পড়লেও ইন্ডে শিল্পী হিসেবে কখনোই কোনো বিভক্তি চান না। কাউকে ছোট করা হোক, সেটাও চান না। তিনি মনে করেন, পর্দায় বিভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক পটভূমির মানুষের গল্প আরও বেশি তুলে ধরা প্রয়োজন। এ কারণেই তিনি চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও সচেতন থাকার চেষ্টা করেন।

শীর্ষ তালিকায়
ইন্ডে নাভারেত্তে মনে করেন, ছোট শহর থেকে বড় শহরে এসে বারবার হোঁচট খেয়ে আন্তর্জাতিক দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠার গল্পই তাঁর সবচেয়ে বড় অর্জন। মাত্র ২৫ বছর বয়সেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি মনে করেন, জনপ্রিয়তা পাওয়ার জন্য সব সময় বড় বাজেটের সিনেমার প্রয়োজন নেই। সঠিক চরিত্র নির্বাচন, ধারাবাহিক পরিশ্রম এবং অভিনয়ের প্রতি নিবেদন তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ‘অবসেশন’ সিনেমাটি বর্তমানে আইএমডিবির শীর্ষ ২৫০ সিনেমার তালিকায় ২৪৭তম অবস্থানে রয়েছে। সিনেমাটির রেটিং ৮.১। এটি ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে।


এফপি/সা

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝