দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম।
রোববার দুপুরে স্বাস্থ্য কমিটির উদ্যোগ ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় এ কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, স্বাস্থ্য কমিটির সদস্য ও বিএনপি নেতা মনিরুল ইসলাম (হিটু), শাহীনুর রহমান ফুল, সাংবাদিক তাজনুর রহমান ডাবলুসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পুনরায় চালু হওয়া প্রথম সিজার অপারেশনটি সম্পন্ন করেন চিকিৎসক ডা. মাহবুবুর রহমান। এনেস্থেসিয়া চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আব্দুল্লাহ আল মামুন। এ সময় হাসপাতালের নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করেন।
স্বাস্থ্য কমিটির সদস্য মনিরুল ইসলাম (হিটু) ও শাহীনুর রহমান ফুল বলেন, আইনমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশনা এবং স্বাস্থ্য কমিটির ধারাবাহিক প্রচেষ্টার ফলে দীর্ঘদিন বন্ধ থাকা সিজার কার্যক্রম পুনরায় চালু হয়েছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য সেবার মান ও কার্যক্রমেও গতি ফিরেছে। ভবিষ্যতেও এ সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, আপাতত প্রতি রোববার সিজার অপারেশন ও স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে। জটিল রোগী ছাড়া সর্বোচ্চ চেষ্টা করা হবে হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার।
তিনি এ কার্যক্রম পুনরায় চালু করতে সহযোগিতা করায় আইনমন্ত্রী ও স্বাস্থ্য কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এফপি/অ