পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় “ফিয়ানা-ফাতেমা” নামে একটি স্টিল বডি দেশীয় কাঠবোঝাই ট্রলার পানির স্রোতে ডুবে গিয়ে মাঝি কামাল বাহাদুর (৩৮) নিহত হয়েছেন। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের মো. হালিম বাহাদুরের ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলার বালিহারী খালে হাজ্বী আব্দুর রহমানের বাড়ির সামনের ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক সোহাগদল এলাকার মো. রিফাত, পিতা কেরামত আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৩টার দিকে কাঠবোঝাই ট্রলারটি বালিহারী খালের ওই ব্রিজের কাছে পৌঁছে। খালে ভাঁটা থাকায় ট্রলারটি ব্রিজের দুই পিলারের মাঝখানে বেঁধে রাখে। পরে মাঝি কামাল বাহাদুর ট্রলারের ভেতর কেবিনে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে জোয়ারের পানি বৃদ্ধি পেলে প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় মাঝি ট্রলারের কেবিনে আটকা পড়ে পানিতে তলিয়ে যান।
পরদিন শুক্রবার সকাল ৬টার দিকে ট্রলারের মালিক রিফাত স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরে ডুবুরি হায়দার ও তার সহযোগীরা উদ্ধার অভিযান চালিয়ে সকাল ১১টার দিকে ডুবে থাকা ট্রলারের কেবিন থেকে কামাল বাহাদুরের মরদেহ উদ্ধার করেন।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফপি/জেএস