পিরোজপুরের নেছারাবাদে নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে রুচি আইসক্রিম কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুচি আইসক্রিম কারখানার মালিক আবুল হোসেন (৬৫), পিতা: আছমত আলীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ ছাড়া আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় কারখানা থেকে অস্বাস্থ্যকর আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশাল কার্যালয়ের পরিদর্শক তাহসিন আলম। অভিযান পরিচালনায় নেছারাবাদ থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
এফপি/মিব