নাটোরের লালপুরে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন র্যাব সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সোহাগ, তিনি স্থানীয় ফজলুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর তীরে রাশেদ নামে এক ব্যক্তির বালুর স্তুপের পাশে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় র্যাবের ৬ জন সিভিল পোশাকে সদস্য পূর্ববর্তী একটি অভিযানের স্থান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন যুবক র্যাব সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত র্যাব সদস্যদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন ডিলু বলেন, র্যাব সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে, পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাম্মী আক্তার জানান, আহতদের মধ্যে চারজন শারীরিক আঘাতজনিত চিকিৎসা নিয়েছেন। এছাড়া শাহীন নামের এক র্যাব সদস্য পেটব্যথাজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এফপি/অ