মুক্তিযুদ্ধের মূল চেতনায় সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক হোসেন।
তিনি বুধবার (৬ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্র,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনগণের কথা বলার অধিকারকে সমুন্নত করতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বুকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মুন্সীগঞ্জের ৬টি উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন।
এফপি/জেএস