ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অজয়দেব এবং তার কথিত গডফাদার বিনোভূষণদেবের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের স্থানীয় জনগণ একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল থানা প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা অজয়দেব ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৩ মে অজয়দেব তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে মুসলিম সম্প্রদায়ের মোহাম্মদ আনোয়ার হোসেনসহ এলাকার প্রবীণ ব্যক্তি হাজী লস্কর, রইস মিয়া ও আওলাদ হোসেনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় বিনোভূষণ দেব ও সুমন দেবের সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ বসে নেই, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুরো টিম কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি তিনি অপরাধীদের ধরতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন।
ওসির আশ্বাসে একপর্যায়ে উত্তেজিত জনতা শান্ত হয় এবং তাদের কর্মসূচি স্থগিত করে।
এফপি/জেএস