ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে মীমাংসা সভাকে ঘিরে ক্ষোভের জেরে অভিযুক্তের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
জানা গেছে, গত শনিবার (২ মে) বিকেল প্রায় ৩টায় উপজেলার শাহবাজপুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দিঘীর পূর্বপাড়া এলাকার বাসিন্দা জুবায়েদ (২৫), পিতা ফজল হক, একটি নম্বরবিহীন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দিঘীর পশ্চিমপাড় এলাকার মারিয়া (৫), পিতা দিলবাহারকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
ঘটনার জের ধরে সোমবার (৪ মে) বিকেলে বিষয়টি মীমাংসার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড মেম্বার জামাল, সাবেক চেয়ারম্যান রাজ্জি, আমান মুন্সি, ঠিকাদার মনির, জুয়েলসহ আরও অনেকেই। বৈঠকে অভিযুক্ত জুবায়েদের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে নিহতের পরিবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।
বৈঠকের এক পর্যায়ে অভিযুক্ত পক্ষের একজনের উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, দুর্ঘটনার বিষয়ে কেউ জানাইনি এবং কোন অভিযোগ পাওয়া যায়নি। খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে স্থানীয় লোকজনের মাধ্যমে মিমাংসা করে মরদেহ দাফন করা হয়।
এফপি/অ