Dhaka, Friday | 28 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 28 August 2026 | English
শিরোনাম:

পাঁচ গ্রামের তৃষ্ণা মেটায় এক টিউবওয়েল

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ৯০)

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আনিস ঢালীর বাড়ির একটি টিউবওয়েল এখন পাঁচ গ্রামের মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে। শুষ্ক মৌসুমে এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দেওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই একমাত্র নিরাপদ পানির উৎসে ভিড় করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ মদিনাবাদ, গোবরা, গুচ্ছগ্রাম, উড়াতলা ও কপোতাক্ষ নদের ওপারের চাকলা গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন এখানে পানি সংগ্রহ করতে আসেন। আশপাশে আরও কয়েকটি টিউবওয়েল থাকলেও সেগুলোর পানি লবণাক্ত হওয়ায় খাওয়ার উপযোগী নয়।

পানি সংগ্রহ করতে আসা ফুনি খাতুন বলেন, “প্রতিদিন প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে এখানে পানি আনতে আসি। অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পানি তুলতেও কষ্ট হয়। সব সময় পানি পাওয়া যায় না, তবুও এই পানিই আমাদের একমাত্র ভরসা।”

টিউবওয়েলের মালিক আনিস ঢালী বলেন, প্রতিদিন এখানে প্রায় ৫০০ কলস পানি তোলা হয়। “অনেক মানুষ আসে, সবার চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। তবুও যতটা সম্ভব সবাইকে পানি দেওয়ার চেষ্টা করি,” যোগ করেন তিনি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার ইস্তিয়াক আহমেদ জানান, কয়রায় শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে নতুন গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত টেকসই পানির ব্যবস্থা না নিলে উপকূলীয় এই অঞ্চলে সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝