Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

পাবনায় এনজিও কর্মকর্তাদের ওপর সশস্ত্র আক্রমণ, আহত ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ পিএম  (ভিজিটর : ৬৪)

পাবনায় ঋণের টাকা আদায় করতে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটি বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাবনা সদর উপজেলার চর ঘোষপুর এলাকায় ঘটে।

আহতরা হলেন—প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক মোঃ রাকিবুল ইসলাম (৩০), উপ-ব্যবস্থাপক মোঃ বাকী বিল্লাহ (৩৫) এবং শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম (৩৬)।

জানা গেছে, “ওসাকা” নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চর ভবানীপুর শাখা থেকে জাকিয়া খাতুন নামে এক গ্রাহক মৌসুমী ঋণ গ্রহণ করেন। চলতি এপ্রিল মাসে ঋণ পরিশোধের নির্ধারিত সময় হলেও তিনি তা পরিশোধ না করে বিভিন্নভাবে কর্মকর্তাদের এড়িয়ে যেতে থাকেন।

অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে জাকিয়া খাতুন ঋণের টাকা পরিশোধের কথা বলে সহকারী ব্যবস্থাপক রাকিবুল ইসলামকে তার বাড়িতে ডেকে নেন। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তার স্বামী রেজাউলসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘেরাও করে।

একপর্যায়ে রেজাউল ধারালো হাসুয়া দিয়ে রাকিবুল ইসলামের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অন্যরা লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে।

খবর পেয়ে সহকর্মী বাকী বিল্লাহ ও রবিউল ইসলাম ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় সাফি নামে এক ব্যক্তি কুড়াল দিয়ে রবিউল ইসলামের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিরোধ করেন। এতে তার বাম হাতে গুরুতর জখম হয়। অপরদিকে ইসরাইল লোহার রড দিয়ে বাকী বিল্লাহর মাথায় আঘাত করে গুরুতর আহত করে।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলামের মাথায় গভীর জখম হওয়ায় সেলাই ও ব্যান্ডেজ করা হয়েছে। বাকী বিল্লাহর মাথায় আঘাতজনিত কারণে সিটি স্ক্যান করা হয়েছে। রবিউল ইসলামের হাতেও গুরুতর জখমের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইলিয়াস হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে রেজাউল, জাকিয়া খাতুনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রেজাউলকে আটক করা হয়েছে। মামলা রুজু হলে অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝