মাঠপর্যায়ের অসন্তোষ ও সমালোচনার মুখে আবারও বদল হতে যাচ্ছে পুলিশের পোশাক। রঙ ও নকশা পুনর্নির্ধারণে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে ধাপে ধাপে নতুন ইউনিফর্ম কার্যকর করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে পোশাক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবে ইউনিট ভেদে শার্টের রঙে ভিন্নতা আনা হচ্ছে। মহানগর পুলিশের জন্য হালকা জলপাই এবং অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল শার্ট নির্ধারণের চিন্তা রয়েছে। সব ক্ষেত্রেই প্যান্ট খাকি রাখার প্রস্তাব করা হয়েছে। এতে একরঙা পোশাকের পরিবর্তে সমন্বিত রঙের ইউনিফর্ম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ব্যবহারিক সুবিধা ও আলাদা পরিচিতি—দুটিই নিশ্চিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ২০২৫ সালের নভেম্বর থেকে ধাপে ধাপে লৌহবর্ণ (আইরন গ্রে) ইউনিফর্ম চালু করা হয়। প্রথম পর্যায়ে মহানগর ও বিশেষায়িত ইউনিটে তা কার্যকর হয় এবং পরবর্তী সময়ে জেলা ও রেঞ্জ পর্যায়ে বিস্তারের পরিকল্পনা ছিল। ওই পরিবর্তনকে বাহিনীর আধুনিকায়ন ও নতুন ভাবমূর্তি গঠনের অংশ হিসেবে দেখা হয়েছিল। তবে বাস্তবায়নের পরপরই নতুন পোশাক নিয়ে অসন্তোষ দেখা দেয়। মাঠপর্যায়ের অনেক সদস্যের অভিযোগ, সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত প্রতিফলিত হয়নি। কেউ কেউ বলেন, রঙের কারণে অন্যান্য বাহিনীর সঙ্গে বিভ্রান্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার দীর্ঘদিনের প্রচলিত খাকি পোশাক থেকে সরে আসায় বাহিনীর ঐতিহ্য ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়। ব্যবহারিক দিক থেকেও আবহাওয়া ও দায়িত্বের ধরন অনুযায়ী পোশাকটি কতটা উপযোগী—তা নিয়ে প্রশ্ন ওঠে।
সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে নতুন ইউনিফর্মের রঙ ও নকশা নিয়ে আলোচনা-সমালোচনা হয়, যা বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা সামনে আনে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবারও বিষয়টি পর্যালোচনায় নেয়। কর্মকর্তারা বলছেন, নতুন প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত বড় ব্যয়ের প্রয়োজন হবে না। নিয়মিত সরবরাহ ব্যবস্থার মধ্যেই পরিবর্তন আনা সম্ভব। এতে ধাপে ধাপে পুরোনো ইউনিফর্ম প্রতিস্থাপন করা হবে।
এক বছরের ব্যবধানে ইউনিফর্ম নিয়ে ধারাবাহিক এই পরিবর্তন প্রক্রিয়াকে অনেকে চলমান সমন্বয় ও গ্রহণযোগ্যতা তৈরির অংশ হিসেবে দেখছেন। চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হলে পুলিশের জন্য একটি স্থিতিশীল ও কার্যকর ইউনিফর্ম কাঠামো নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে।
এফপি/অ