ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার মতিসাগর এলাকায় মহাসড়কের পাশের এলএ কেস নম্বর-১৬-এর আওতাধীন স্থাপনা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত স্থাপনার মালিকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার চিহ্নিত করে দ্রুত ক্ষতিপূরণ প্রদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সব জটিলতা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ, জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা আশা করছেন, দীর্ঘদিনের এ সমস্যার দ্রুত সমাধান হলে মহাসড়ক নির্মাণকাজে গতি আসবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের ন্যায্য ক্ষতিপূরণ পাবে।
এফপি/জেএস