পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরেও হরদম চলছে বেচাকিনা। আজ সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলা শ্রীরামকাঠী বাজারে এ চিত্র দেখা যায়। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের প্রায় সব দোকানপাট খোলা রয়েছে এবং ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও স্বাভাবিক দিনের মতোই। এতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে উপজেলা প্রশাসন কোন সরকারি নির্দেশনা দেননি বলে জানান দোকান মালিকরা।
স্থানীয়দের দাবি, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় নজরদারি না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
ব্যবসায়ী মহামানন্দ জানান, উপজেলা প্রশাসন ও বন্দর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের কোন নির্দেশনা দেয়া হয়নি। এ বাজারে সবাই রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত স্বাভাবিকভাবেই দোকানপাট খোলা রেখে ব্যবসা করে যাচ্ছে। নির্দেশ না পেলে আমরা বন্ধ রাখবো।
এ বিষয়ে শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ হাসান জানান আমরা উপজেলা প্রশাসন থেকে তেমন কোন নির্দেশনা পায়নি।
সাধারণ সম্পাদক ফাহিম মৃধা জানান, কোনরকম মাইকিং করা হয়নি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোন রকম জানানো হয়নি। শুধু শ্রীরামকাঠী বন্ধন নয় চার্জ নাজিরপুর উপজেলার বিভিন্ন বাজার গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে।
৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মনোজ কান্তি মন্ডল জানান, দোকানপাট বন্ধের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মাইকিং বা মৌখিক নির্দেশনা তারা পাননি। প্রশাসন যদি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়, আমরা অবশ্যই তা মেনে চলবো।
সহকারি কমিশনার ভূমি শপথ বৈরাগী জানান, এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলে বিস্তারিত জানানো যাবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহানাজ তমা এর সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এফপি/জেএস