Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

আমিনুল হকের স্মরণে তানোরে দোয়া মাহফিল

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৪৬ পিএম  (ভিজিটর : ৫)

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তানোর উপজেলা সদরের বরেন্দ্র ভবনের নিচতলায় দলীয় কার্যালয়ে তানোর উপজেলা ও দুই পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিয়তউল্লাহ ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুর মোল্লার যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্যসচিব আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তূজা, যুগ্ম আহ্বায়ক ইমদাদুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নাসির উদ্দিন মিঠু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম এবং উপজেলা মহিলা দলের সভাপতি পলি খাতুন প্রমুখ।

এ ছাড়া উপজেলা, দুই পৌরসভা ও সাত ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আলেম-ওলামারা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার আমিনুল হক ছিলেন রাজশাহী অঞ্চলের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতি, আইন পেশা ও জনসেবার মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছিলেন। তানোর-গোদাগাড়ী অঞ্চলের উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

১৯৪৩ সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আমিনুল হক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি আইন পেশায় যুক্ত হন। পরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।

২০১৯ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় আমিনুল হক মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আলোচনা সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝