পিরোজপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় একটি ইটভাটার আগুন নিভিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে হুলারহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে ‘রাহি ব্রিকস’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশের ক্ষতি রোধে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়। এছাড়াও ‘মেসার্স অভি ব্রিকস’ কে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(১), ৫(২) ও ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ ও ফারদীন মনীর অর্ণব। এ সময় পিরোজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে কেউ ইটভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে নিয়মিত ভাবে অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অ