মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপলক্ষে ৮ দফা দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা শাখা এবং দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম মাগুরা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন সিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, সংগঠনের উপদেষ্টা ডা. তাসু কুজ্জামান, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, বলরাম বসাক, বাংলাদেশ আদিবাসী ফোরাম মাগুরা শাখার সভাপতি হীরালাল কর্মকার, বিডিআরএম-এর সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, কোষাধ্যক্ষ নিখিল কুমার দাস, সদস্য রঙ বালা দাস, দেবী রানী দাস ও আরতী রানীসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্যবিরোধী বিল-২০২২ সংশোধন করে দ্রুত পাস করতে হবে। পাশাপাশি সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের জন্য ভর্তি কোটা এবং চাকরিতে কোটা প্রবর্তনের দাবি জানান তারা। এছাড়া জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও সমাবেশে সংগঠনের শতাধিক নারী-পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।
এফপি/এমআই