অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন।
আজ বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার। এ প্রসঙ্গে রুবেল হোসেন বলেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
এরপর ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’
এ সময় তার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান রুবেল। তিনি বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।’ পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসা সবার প্রতি।’
এফপি/জেএস