Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের ‘নাটকীয়’ অভিযান নিয়ে বিতর্ক

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পিএম  (ভিজিটর : ৪২)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক অভিযানে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বৈধ-অবৈধ সংযোগ বিচ্ছিন্নের আড়ালে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের ঘটনা ঘটছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আউল্লাবন ও ভূমিপল্লী আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার আসাদুজ্জামান আজাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আউল্লাবন এলাকায় প্রায় দেড় ঘণ্টা অভিযান চালানোর পর কর্তৃপক্ষ দ্রুত স্থান ত্যাগ করে ভূমিপল্লী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত অভিযান চালায়, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ভূমিপল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত চুলা ব্যবহারের অজুহাতে নিয়মিতভাবে তিতাসের কিছু কর্মকর্তাকে মাসোহারা দিতে হয়। যারা নিয়মিত অর্থ প্রদান করেন, তাদের বাসায় অভিযান চালানো হয় না। অন্যদিকে যারা অর্থ প্রদান করেন না, তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এক বাসিন্দা জানান, “আমরা ছয় মাস অন্তর অন্তর তিতাসের নাম করে টাকা দিচ্ছি।” এ সময় উপস্থিত তিতাসের ডিজিএম মনজুরুল আজিম মোহন বিষয়টি শুনে সংশ্লিষ্ট ব্যক্তির নাম জানতে চান এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এলাকাবাসীর আরও অভিযোগ, অনেকের বৈধ সংযোগ থাকা সত্ত্বেও তা বিচ্ছিন্ন করা হয়েছে। পরে অফিসে যোগাযোগ করলে পুনঃসংযোগের জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। অন্যথায় বড় অঙ্কের জরিমানার ভয় দেখানো হয়।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, ম্যানেজার আসাদুজ্জামান আজাদ যোগদানের পর থেকেই তিতাস গ্যাসের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বেড়েছে। গোপন অভিযানের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

গণমাধ্যমকর্মীরা অভিযানের স্থান সম্পর্কে জানতে চাইলে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট তথ্য না দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, সাংবাদিকদের উপস্থিতি এড়াতেই এমন আচরণ করা হয়।

অভিযোগের বিষয়ে তিতাস গ্যাসের ডিজিএম মনজুরুল আজিম মোহন বলেন, “অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের কোনো কর্মকর্তা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অনিয়মের অভিযোগে ইতোমধ্যে তাদের টিমের একজন সদস্যকে বাদ দেওয়া হয়েছে এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝