গাজীপুরের টঙ্গীতে চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লি: ইউনিট ২ এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কারখানাটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কারখানার ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। তবে কবে নাগাদ কারখানার কার্যক্রম আবার শুরু হবে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। টঙ্গী, গাজীপুর ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ১১টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ চালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাসহ তিন সদস্য আহত হন। আহত ওয়্যারহাউজ ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জানা যায়, আগুনে কারখানার দুটি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানায় মজুত থাকা ওষুধ তৈরির কেমিক্যাল, দাহ্য পদার্থ এবং মূল্যবান উৎপাদন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কারখানার শ্রমিকরা সময়মতো নিরাপদে বের হতে পারায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে।
এফপি/অ