শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। আগামী ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম চলবে। এ সময় পূজামণ্ডপ ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সাম্প্রদায়িক উসকানি ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বাহিনীটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করা হবে। নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি করা হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোনে (চট্টগ্রাম) ৬৩টি, পশ্চিম জোনে (মোংলা) ১৪৪টি এবং দক্ষিণ জোনে (ভোলা) ৩৭১টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে। সব মিলিয়ে ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে কোস্ট গার্ড।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নৌপথে দুর্ঘটনা এড়াতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল রোধ, নৌযানে অবস্থানরত যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না ওঠার বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এ ছাড়া বিসর্জনস্থলে নৌকাডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে জনগণের জানমাল ও ধর্মীয় উপাসনালয় রক্ষা, সাম্প্রদায়িক উসকানি ও গুজব প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে।
তিনি জানান, জননিরাপত্তামূলক এ কার্যক্রম ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এফপি/অ