দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দেশব্যাপী নিশ্ছিদ্র প্রযুক্তিনির্ভর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষে ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ ও ৬৬ হাজার ৩৩০ জন নারী সদস্যসহ মোট ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদানের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমের ৬২৪ জন বিশেষ সদস্যকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব তথ্য জানান।
মহাপরিচালক বলেন, আধুনিক প্রযুক্তি, ডিজিটাল মনিটরিং, আন্তঃবাহিনী সমন্বয় এবং দক্ষ জনবল ব্যবহারের মাধ্যমে এবারের পূজার নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গতিশীল ও জবাবদিহিমূলক করা হয়েছে। সংবেদনশীলতা ও গুরুত্ব বিবেচনায় দেশের পূজামণ্ডপগুলোকে তিন শ্রেণিতে বিভক্ত করে নিরাপত্তা সাজানো হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯১৪টি অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে প্রতিটিতে ৮ জন করে এবং ১১ হাজার ৭৮১টি গুরুত্বপূর্ণ ও ১৪ হাজার ৪৭০টি সাধারণ মণ্ডপে প্রতিটিতে ৬ জন করে প্রশিক্ষিত আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।
ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘এভিএমআইএস’ ও ‘এসটিডিএমএস’-এর মাধ্যমে সদস্যদের যাচাই-বাছাই ও স্বচ্ছ মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সদস্যদের ভাতাও পৌঁছে দেওয়া হচ্ছে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এ ছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে চালু করা হয়েছে বিশেষায়িত ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে থাকা ভিডিপি সদস্যরা তথ্য সরবরাহ করবেন, যৌথ আইনশৃঙ্খলা বাহিনী ‘রেসপন্ডার’ হিসেবে দ্রুত পদক্ষেপ নেবে এবং ‘ওভারসাইট প্যানেল’ কেন্দ্রীয়ভাবে তদারকি ও গুজব প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
বাহিনী প্রধান আরও জানান, প্রধানমন্ত্রীর কর্মমুখী শিক্ষা নীতির আলোকে সম্প্রতি চালু হওয়া কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ প্রজন্মও এবারের পূজায় শৃঙ্খলা ও নিরাপত্তায় সরাসরি ভূমিকা রাখছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে তিনি সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের সহযোগিতার আহ্বান জানান। ব্রিফিংয়ে জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন অঙ্গীভূত আনসার সদস্যকে পুরস্কৃত করা হয়। এ সময় বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এফপি/অ