বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে শুনানি চলাকালে আইনজীবীকে মারধর, অবরুদ্ধ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আইনজীবী সঞ্জিত মণ্ডল।
বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী সঞ্জিত মণ্ডল। তিনি অভিযোগ করেন, উজিরপুরের পটিবাড়ি গ্রামের একটি জমি সংক্রান্ত মামলার শুনানি চলাকালে নিকুঞ্জ বালা পলাশসহ ৫-৭ জন লোক নিয়ে সেটেলমেন্ট অফিসারের কক্ষে প্রবেশ করেন। মামলার পক্ষভুক্ত না হয়েও তিনি শুনানিতে হস্তক্ষেপ ও হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ করলে পলাশ ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর করেন এবং কার্যালয়ের দরজায় অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকি দেন।
সঞ্জিত মণ্ডলের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, পটিবাড়ি মৌজার বিচারাধীন জমি দখল, মাটি ভরাট ও মার্কেট নির্মাণসহ নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সরকারি-বেসরকারি দপ্তরে প্রভাব বিস্তার, জমি দখল এবং অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ তোলা হয়। তাঁর সম্পদের উৎস অনুসন্ধান ও আয়কর সংক্রান্ত বিষয়ে তদন্তের দাবি জানান সঞ্জিত মণ্ডল।
অভিযোগের বিষয়ে নিকুঞ্জ বালা পলাশের বক্তব্য জানা যায়নি। সংবাদ সম্মেলনে সুভাষ মণ্ডল গংয়ের পক্ষে তাঁর ভাই সুশীল মণ্ডল ও ভূমি বিরোধের আরেক ভুক্তভোগী প্রান্ত মণ্ডল উপস্থিত ছিলেন।
এফপি/অ