খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১ এর যৌথ দল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল বাসটিতে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তালিকা তৈরি করে মাদকগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সেগুলো হরিণটানা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র।
এফপি/অ