পিরোজপুরে সড়ক বিভাগের আওতাধীন হাইওয়ে মাস্টার প্ল্যান ২০৪০ এর অধীনে বাস্তবায়নযোগ্য প্রকল্পসমূহ নিয়ে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক বিভাগ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভা সঞ্চালনা করেন পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, আমরা আগামী ১৫-২০ বছর পর পিরোজপুরকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাই, সে লক্ষ্যেই সড়ক বিভাগ একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে, যা আজ অংশীজনদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এই পরিকল্পনাগুলো সরেজমিনে যাচাই-বাছাই করা হবে। অংশীজনদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী ১৫ বছর পর দেশ আরও উন্নত অবস্থানে পৌঁছাবে। তাই এই পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
সভায় প্রস্তাবিত ভবিষ্যৎ মাস্টার প্লানসমূহ সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে উপস্থিত সকল অংশীজনের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এসময় প্রকল্পগুলোর লক্ষ্য, সম্ভাব্য বাস্তবায়ন পদ্ধতি ও উপকারিতা তুলে ধরা হয় এবং অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/অ