ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি আরিফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে ১১ টায় সেনাবাহিনীর কাউখালীর অস্হায়ী ক্যাম্পের মেজর এস এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াকুব হোসাইন এর নেতৃত্বে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম বাবু উপজেলার সাতুরিয়া গ্রামের শাহ আলম আকনের পুত্র। অভিযানকালে গ্রেপ্তারকৃত বাবুর কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর কাউখালীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত মেজর এস এম খালেদুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোর ভাবে দমনে প্রতিশ্রুতিবদ্ব। এ লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি।
তিনি আরও জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/অ