Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিরোনাম:

দখল-দূষণমুক্ত টাউন খাল: ব্রাহ্মণবাড়িয়ায় খনন কাজের সূচনা

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম  (ভিজিটর : ৮৪)

তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী টাউন খালকে দখল ও দূষণমুক্ত করতে খনন কার্যক্রম শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। পৌরসভার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় শহরের থানাব্রিজ এলাকার অংশে খনন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম।


জানা যায়, শহরের জলাবদ্ধতা নিরসন ও নৌযান চলাচলের সুবিধার্থে ব্রিটিশ শাসনামলে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ টাউন খালটি খনন করা হয়। খালটি শহরের টানবাজার থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে এবং উভয় প্রান্তে তিতাস নদীর সঙ্গে সংযুক্ত। তবে দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে খালটি কার্যত মৃতপ্রায় হয়ে পড়ে, এমনকি বর্ষা মৌসুমেও পানি থাকে না।


এ অবস্থায় খাল পুনরুদ্ধারের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করেছে। একই সঙ্গে টাউন খালকে দূষণমুক্ত করে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে পৌরসভা।


উদ্বোধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, খালে যাতে বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা না ফেলা হয়, সে লক্ষ্যে নির্দিষ্ট ফির বিনিময়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ঘরে ঘরে আবর্জনা সংগ্রহ করবে। খনন কাজ শেষ হলে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নদী বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সর্বস্তরের জনগণ।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝