নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বন্ধু রমজান ও সানি নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টায় গোদনাইলের লাকিবাজারে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। তার পরিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা লাকিবাজারসংলগ্ন ক্যানেলপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এ সময় ইয়াছিনকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় অন্যরা। আহত ইয়াছিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩শ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।
এফপি/রাজ