গচ্ছিত স্বর্ণালংকার আত্মসাতের বিরোধের জেরে এক লাখ টাকায় ভাড়াটে লোক দিয়ে আপন ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করেন বড় ভাই ও ভাবি। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় মো. আলমগীর (৩৫) নামে এক ফেরিওয়ালাকে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মুন্সীগঞ্জ জেলা। এ ঘটনায় নিহতের বড় ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত আলমগীরের বড় ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), তাঁর স্ত্রী রিনা বেগম (২৪), মো. সাদ্দাম হোসেন (৩৩) ও মো. শফিকুল ইসলাম (৩৩)।
নিহত আলমগীর মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরছড়ি গ্রামের মৃত আহম্মদ শিকদারের ছেলে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ফেরি করে বাদাম ও বুট বিক্রি করতেন তিনি।
পিবিআইয়ের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার প্রায় তিন মাস আগে আলমগীর তাঁর বড় ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালংকার গচ্ছিত রাখেন। পরে আলমগীরকে না জানিয়ে ওই স্বর্ণালংকার থেকে তিন আনা একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন তাঁরা। বিষয়টি জানাজানি হলে ভাই-ভাবির সঙ্গে আলমগীরের বিরোধ সৃষ্টি হয়।
এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক বসে। বৈঠকে গণ্যমান্য ব্যক্তিরা স্বর্ণালংকার ফেরত দেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু সালিসের সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণ ফেরত না দিয়ে উল্টো আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। এ জন্য ভাড়াটে লোক সাদ্দাম হোসেনের সঙ্গে এক লাখ টাকায় হত্যার চুক্তি করেন তাঁরা।
পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে সাদ্দাম ও শফিকুল আলমগীরকে তাঁর বিনোদপুরের বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে দুটি অটোরিকশায় করে তাঁরা রিকাবী বাজার হয়ে সিরাজদিখান উপজেলার বালুচরের দিকে রওনা হন। পথিমধ্যে জাহাঙ্গীরের ভাড়া করা আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অটোরিকশায় ওঠেন।
একপর্যায়ে নির্জন স্থানে পৌঁছালে আসামিরা আলমগীরের পকেটে থাকা টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন। এ সময় আলমগীর চিৎকার করলে তাঁকে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে পাশের ইমান হোসেনের বাগানের খড়ের স্তূপের মধ্যে লুকিয়ে রেখে পালিয়ে যান তাঁরা।
আলমগীর নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের ছয় দিন পর গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকায় ইমান হোসেনের বাগানের খড়ের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে একটি অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে আলমগীরের পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরে ১৯ নভেম্বর পিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে।
পিবিআই মুন্সীগঞ্জ জেলা ইউনিট ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন। তাঁদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
পিবিআই মুন্সীগঞ্জ জেলা ইউনিট ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহান জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রেপ্তারদের মধ্যে সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনকে আদালতে পাঠানো হলে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/মিব