Dhaka, Saturday | 21 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 November 2026 | English
শিরোনাম:

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়বিচারের স্বীকৃতি, দ্রুত বিচার ও নিরাপদ প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ৬:৪১ পিএম  (ভিজিটর : ১৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজের ভিটেমাটি হারিয়েছেন, হারিয়েছেন স্বজনদেরও। সেই ২০১৭ সালের ভয়াবহ হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের বিচার পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন রোহিঙ্গারা। প্রায় নয় বছর পর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায়ের খবর ছড়িয়ে পড়তেই কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কেউ উল্লাস প্রকাশ করেন, কেউ জানান স্বস্তি। তবে তাঁদের প্রত্যাশা, এই রায় যেন শুধু আইনি স্বীকৃতিতে সীমাবদ্ধ না থাকে; অপরাধীদের বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পথও তৈরি করে।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করেন জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা আইসিজে। আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় পাঠ করেন। ১৫ বিচারকের আদালত ৯-৬ ভোটে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে দায়ী করেন।

রায়ে আদালত বলেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌন সহিংসতা চালিয়েছে। শিশুদের ওপরও চরম সহিংসতা করা হয়েছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গারাও হামলার শিকার হয়েছেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, উপস্থাপিত প্রমাণগুলো সামগ্রিকভাবে বিবেচনায় নিলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়েই এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযানের সময় সংঘটিত সহিংসতা, পরিকল্পিতভাবে গ্রাম ধ্বংস এবং রোহিঙ্গাদের ওপর ধারাবাহিক নিপীড়নের বিষয়গুলোও আদালত বিবেচনায় নিয়েছেন।

আদালত আরও বলেন, মিয়ানমার গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। পাশাপাশি গণহত্যার অভিযোগ-সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের বিষয়ে ২০২০ সালের অন্তর্বর্তী আদেশও যথাযথভাবে পালন করেনি দেশটি।

বড় পর্দায় রায় দেখতে দুপুর থেকে অপেক্ষা
আইসিজের রায় ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ছিল ব্যাপক আগ্রহ। জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বড় পর্দায় রায় সরাসরি দেখার আয়োজন করা হয়। দুপুর আড়াইটার দিকে সেখানে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ রায় শোনার অপেক্ষায় দীর্ঘ সময় অবস্থান করেন।

জামতলী ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা নাজির হোসেনও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিলেন। রায়ের গুরুত্বপূর্ণ অংশ প্রচারিত হওয়ার পর উপস্থিত রোহিঙ্গাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের প্রত্যাশায় থাকা অনেকের কাছে এই রায় তাঁদের ওপর সংঘটিত নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি মোহাম্মদ রফিক বলেন, ‘আজকের রায়ের মাধ্যমে আমাদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। মিয়ানমার যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে, তার আইনি স্বীকৃতি পাওয়া গেছে। এই রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।’

তবে রোহিঙ্গাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি বলে মনে করেন জামতলী ক্যাম্পের বাসিন্দা মাওলানা সৈয়দ উল্লাহ। তিনি বলেন, ‘এই রায়ে আমাদের সম্পূর্ণ প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আমরা রায়ে সন্তুষ্ট হলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। যাঁরা হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

একই ক্যাম্পের বাসিন্দা আবু সাঈদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। এখন রায় বাস্তবায়ন করতে হবে। যারা অপরাধ করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে আমাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।’

রায় উপলক্ষে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ব্লকে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের তরুণ জুনায়েদ বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের ব্লকে রায় উপলক্ষে রোহিঙ্গারা এক জায়গায় জড়ো হয়ে দোয়া ও মোনাজাত করেছেন। তাঁরা ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন এবং নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার সুযোগ চেয়ে প্রার্থনা করেছেন।

মিয়ানমারের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। এর পরপরই মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতনের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের বড় অংশ আশ্রয় নেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে।

২০১৭ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘের তৎকালীন মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিয়ানমারের সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ’ হিসেবে বর্ণনা করেন। একই বছরের ১৯ সেপ্টেম্বর মিয়ানমারের তৎকালীন নেতা অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন।

ওই বছরের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে পরিচালিত জরিপের ফল প্রকাশ করে। এতে বলা হয়, সবচেয়ে রক্ষণশীল হিসাবেও ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০টি শিশু ছিল।

২০১৮ সালের ১০ জানুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করে। ওই ঘটনায় সাত সেনাসদস্যকে সাজা দেওয়া হলেও ২০১৯ সালের মে মাসে তাঁদের আগাম মুক্তি দেওয়া হয়।

গাম্বিয়ার মামলা, সাত বছরের বিচারিক প্রক্রিয়া
২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা মামলায় অভিযোগ আনা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়েছিল।

২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে তার ক্ষমতার মধ্যে থাকা সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগ-সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়।

২০২২ সালের ২২ জুলাই আদালত সিদ্ধান্ত দেন, গাম্বিয়ার করা মামলাটি শুনতে আইসিজের এখতিয়ার রয়েছে এবং আবেদনটি গ্রহণযোগ্য। পরবর্তী সময়ে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডসহ ১১টি দেশ মামলার নির্দিষ্ট আইনি বিষয়ে হস্তক্ষেপের ঘোষণা দেয়।

২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রায় নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু করেন। পরে ৩ নভেম্বর ঘোষণা করা হয়, ১৯ নভেম্বর মামলার রায় দেওয়া হবে।

রায় বাস্তবায়ন ও প্রত্যাবাসন নিয়ে প্রত্যাশা
আইসিজের রায়ে মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত দেশটিকে গণহত্যার সঙ্গে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর তদন্ত এবং প্রয়োজন হলে বিচার ও শাস্তির ব্যবস্থা নিতে বলেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে নিশ্চয়তা দিতে এবং প্রয়োজনীয় আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও রায়ে অন্তর্ভুক্ত হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে। এ বিষয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত রোহিঙ্গাদের জন্য প্রতিকার হিসেবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের বিষয়টিও উল্লেখ করেছেন।

আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। ফলে কাউকে সরাসরি গ্রেপ্তার বা শাস্তি কার্যকর করার ক্ষমতা আদালতের নেই। রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার কাছে এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়; তাঁদের কাছে এটি ন্যায়বিচার, নিরাপত্তা ও নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার প্রত্যাশার সঙ্গে জড়িত। তবে মিয়ানমারে চলমান সংঘাত, নাগরিকত্বের অনিশ্চয়তা, চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তার সংকট প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে আছে।

রোহিঙ্গাদের দাবি, তাঁদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। নিজ দেশে ফিরে গেলে যেন আবার হত্যা, নির্যাতন কিংবা বাস্তুচ্যুতির শিকার হতে না হয়, সে নিশ্চয়তাও দিতে হবে। তাঁদের মতে, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত না করে প্রত্যাবাসন টেকসই হবে না। দীর্ঘদিনের অপেক্ষার পর আইসিজের রায় তাঁদের মনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেয় কি না, সেটিই দেখার বিষয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝