ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে খুলনার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে একটি করে ফগার মেশিন বিতরণ করা হয়েছে। মশক নিধন কার্যক্রম জোরদার করতে এ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ফগার মেশিনগুলো তুলে দেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
উপজেলা পরিষদের অক্টোবর ২০২৬ মাসের মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য একটি করে ফগার মেশিন বরাদ্দ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের কাছে মেশিনগুলো হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হলে মশার উপদ্রব নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার ও স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে।
ফগার মেশিন বিতরণকালে উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডল, চাঁদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, লস্কর ইউনিয়নের মো. ফারুক সরদার, কপিলমুনি ইউনিয়নের মো. জাবেদ ইকবাল, হরিঢালী ইউনিয়নের মিরাজুল ইসলাম, লতা ইউনিয়নের মো. তৈয়েবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এফপি/মিব