কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেপ্তার ও আটক করেছে থানা পুলিশ। তাঁদের মধ্যে সাতজন কিশোরকে গভীর রাতে রাস্তায় ঘোরাফেরার সময় আটক করা হলেও পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার একজন আসামি, রিমান্ড শেষে পাঁচজন এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুজন রয়েছেন। সব মিলিয়ে আটজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করার সময় সাত কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুজনের মধ্যে মো. ফারুখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ওসমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফপি/মিব