কক্সবাজারের উখিয়ায় আলিম, এইচএসসি ও বিএমটি পরীক্ষায় গড় পাসের হার ৪৮ দশমিক ০২ শতাংশ। তিন পরীক্ষায় মোট ১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, আলিম পরীক্ষায় উপজেলার তিনটি মাদ্রাসা থেকে ২৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫০ জন। পাসের হার ৮৬ দশমিক ৫০ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে চারজন শিক্ষার্থী।
অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় উখিয়া কলেজ ও উখিয়া সরকারি মহিলা কলেজ থেকে ১ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪১৭ জন। এ পরীক্ষায় পাসের হার ৩৭ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।
এ ছাড়া বিএমটি পরীক্ষায় উখিয়া কলেজ এবং নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল (বিএম) স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৭ জন। পাসের হার ৫১ দশমিক ০৫ শতাংশ। এ পরীক্ষায় কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনটি পরীক্ষার মধ্যে আলিমে পাসের হার সর্বোচ্চ এবং এইচএসসিতে সর্বনিম্ন। উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।
এফপি/মিব