কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলা থেকে ঢাকাগামী “এমভি কর্ণফুলী-১০” লঞ্চটি দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় পৌঁছালে একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় উক্ত ব্যক্তির সাথে থাকা তার মামা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল করে সহায়তা চান।
সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিকেল টিম দ্রুত উক্ত লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটযোগে তাকে চাদপুর লঞ্চ টার্মিনালে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে ঢাকা ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
এফপি/অ